আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রাথমিক দল থেকে দুটি পরিবর্তন এনে ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ম্যাট রেনশ। তবে ইনজুরির কারণে আসর থেকে পুরোপুরি ছিটকে গেছেন তারকা পেসার প্যাট কামিন্স। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও চূড়ান্ত দলে জায়গা মেলেনি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের।
প্যাট কামিন্সকে নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। শুরুতে ভাবা হয়েছিল বিশ্বকাপের মাঝপথে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু চোট কাটিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত এই গতি তারকাকে ছাড়াই বিশ্বজয়ের মিশনে নামতে হচ্ছে অজিদের। কামিন্সের অনুপস্থিতি দলের পেস আক্রমণে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে স্টিভেন স্মিথের বিশ্বকাপ দলে ফেরা নিয়ে জোরালো গুঞ্জন ছিল। তবে নির্বাচকরা শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা রাখেননি। স্মিথের বাদ পড়ার পাশাপাশি বড় চমক হিসেবে এসেছে ম্যাট রেনশর অন্তর্ভুক্তি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ম্যাথু শর্ট, তার স্থলাভিষিক্ত হয়েছেন রেনশ।
দল পরিবর্তনের নির্ধারিত শেষ দিনে এই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার অন্য প্রতিপক্ষরা হলো ওমান, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।
রিপোর্টারের নাম 

























