আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো। এই পরিস্থিতিতে নিজেদের অফিশিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্বকাপ আসরে পাকিস্তানের উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই একটি বর্ণাঢ্য আয়োজনে দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি, তবে বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র ইঙ্গিত দিয়েছে যে, টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত জার্সি বা অন্যান্য প্রচারণামূলক কাজে যেতে চাইছে না তারা। পর্যবেক্ষকদের ধারণা, নিরাপত্তা ও রাজনৈতিক নানা জটিলতার কারণেই সিদ্ধান্ত গ্রহণে এই বিলম্ব হচ্ছে।
এর আগে পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, গত শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী, পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। হাতে সময় অত্যন্ত কম থাকায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও সংবাদমাধ্যমের লজিস্টিক প্রস্তুতি নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত জানানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 

























