আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় দেশের শীর্ষ ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে একটি নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ত্রিদলীয় প্রতিযোগিতায় দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। একই সাথে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি, যা টুর্নামেন্টটিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা করছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকায় বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের খেলার ছন্দে রাখতে বিসিবি এই বিকল্প টুর্নামেন্টের আয়োজন করছে। জাতীয় দল এবং এর আশপাশের ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বিসিবির এক বিশেষ সভা শেষে জানা গেছে, টুর্নামেন্টটি আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্দা নামবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এরপর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সকল ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টটিকে সফল ও আকর্ষণীয় করতে বিসিবি কোনো কিছুর কমতি রাখতে চাইছে না। দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে পর্যাপ্ত ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি নিশ্চিত করা হয়েছে। টুর্নামেন্টের জন্য নতুন স্পনসর খুঁজছে বিসিবি। তবে শেষ পর্যন্ত স্পনসর না পাওয়া গেলে নিজস্ব অর্থায়নেই পুরো টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























