ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায়। তবে, যৌক্তিক এই দাবিটি আমলে না নিয়ে ভারতের চাপের মুখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টাইগারদের বৈশ্বিক আসর থেকে বাদ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনাকে ‘চরম বিশৃঙ্খলা’ এবং ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক মার্ক বুচার।
উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে মার্ক বুচার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বলেন, আইসিসি একটি নির্দিষ্ট দেশকে বাড়তি সুবিধা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতেও এমন নজির রয়েছে যেখানে আইসিসি ভারতের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করেছে। বুচার বলেন, ‘এই ঘটনার আগে এমন অনেক উদাহরণ আছে, যেগুলোর সঙ্গে এর মিল পাওয়া যায়। বিশেষ করে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু। সবাই জানত, ভারত পাকিস্তানে যাবে না এবং শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলো। ক্রিকেট ইতিহাসে বহুবারই টুর্নামেন্টের সূচি ও কাঠামো বদলানো হয়েছে কোনো একটি দলকে মানিয়ে নিতে, তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা নজিরবিহীন।’
বুচার আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত যেন ভবিষ্যতে অন্য কোনো দলের ক্ষেত্রে একই পরিণতি ডেকে না আনে, সেদিকে নজর রাখা উচিত। তিনি বলেন, “যখন কোনো দল, হোক সেটা সরকারের সিদ্ধান্তে বা নিজেদের কারণে- নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে কোনো দেশে যেতে চায় না, তখন দুটি পথ থাকা উচিত। হয় তারা খেলবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে, নয়তো সরে দাঁড়াবে এবং পরের দল সুযোগ পাবে।” আইসিসির এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক ক্রিকেট বিশ্লেষকই এর ন্যায়সঙ্গততা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রিপোর্টারের নাম 
























