কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আংশিকভাবে ব্লক করা হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিটুডে ডট নেট। মোবাইল ফোনে সাইটটি বর্তমানে দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পোর্টালটির সঙ্গে জড়িতরা জানিয়েছেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ব্লক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিডিটুডে ডট নেটের প্রকাশক।
পোর্টালটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিগত ১৪ বছর ধরে বিডিটুডে ডট নেট বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সংবাদ পরিবেশন করে আসছিল। এই সময়ে পোর্টালটি ৬০ বারের বেশি ব্লক করা হয়েছিল বলে তাদের দাবি। নতুন করে এভাবে সাইটটি ব্লক করায় ক্ষোভ প্রকাশ করেছেন এর প্রকাশক।
বিডিটুডে ডট নেটের সম্পাদক ড. মোকাররম হোসেন জানান, বিডিটুডে কোনো ভুঁইফোড় নিউজ সাইট নয়, এটি বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির দায়িত্বশীল কর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশেই বিডিটুডে ডট নেটকে বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিডিটুডের ওপর থেকে ব্লক তুলে নেওয়ার দাবি জানান।
বিষয়টি জানতে বুধবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিককে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি মোবাইল ফোন অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, বিটিআরসির নির্দেশেই সাইটটি ব্লক করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























