আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (২৫ জানুয়ারি) এর মধ্যে তাঁদের ভোটদান সম্পন্ন করে নিকটস্থ ডাকঘরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন যথাসময়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে আগামী রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে তা নিকটস্থ ডাকঘরে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যালট ডাকঘরে জমা না দিলে তা নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইসি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সাধারণ ব্যালটের পাশাপাশি প্রবাসী ভোটারদের প্রদত্ত পোস্টাল ব্যালটও গণনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
রিপোর্টারের নাম 















