রাজনৈতিক আন্দোলনের পরিচিত মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের আবাসন নিশ্চিত করতে সরকার এক কোটি টাকা বিশেষ অনুদান হিসেবে বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এই বিশেষ অনুদানের অনুমোদন দেয়। তবে, ফ্ল্যাটটি হস্তান্তরের আগে শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের চলতি অর্থবছরের ‘আবাসিক ভবন’ খাতের জন্য বরাদ্দকৃত ছয় কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের প্রেক্ষাপটে পরিচিতি লাভ করেন ওসমান হাদি। পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ১২ ডিসেম্বর, নির্বাচনী গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্ট মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন যে, রাষ্ট্রের পক্ষ থেকে তার স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব গ্রহণ করা হবে। সরকারের এই আবাসন বরাদ্দ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 















