আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা কেবল মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা বাস্তব কাজের মাধ্যমে জনসমক্ষে প্রমাণ করতে হবে।
মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটের প্রস্তুতি ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রীয় সংস্কার ও পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে জনমনে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ সূচক অবস্থানের পক্ষেই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী স্বচ্ছতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে তৌহিদ হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নাতীত করতে এবং এর নিরপেক্ষতা বজায় রাখতে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। এর মাধ্যমে নির্বাচনের গ্রহণযোগ্যতা বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ। এ ছাড়া সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
রিপোর্টারের নাম 















