টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণ চলাকালে চায়না রাইফেলের গুলিতে মো. মাসুম (১৯) নামের এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে র্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ একটি চায়না রাইফেল থেকে ছোড়া গুলি টিআরসি মো. মাসুমের বাম কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত প্রশিক্ষক ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। র্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সোমবার বেলা ১১টার দিকে মাসুমকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেকের অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ মাসুমের অবস্থা আশঙ্কাজনক।
রিপোর্টারের নাম 

























