আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ১ লাখ সেনা সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।
উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি বাহিনীভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১ লাখ সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ৫ হাজার সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন (যার মধ্যে স্থলভাগে ১ হাজার ২৫০ জন) মোতায়েন করা হবে।
এছাড়াও, বাংলাদেশ পুলিশ বাহিনীর ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে ৭ হাজার ৭০০ জন সদস্যকে মোতায়েন করা হবে। পাশাপাশি, সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন কর্মীও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবেন। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন বলে উপদেষ্টা উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 















