জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের অধীনে ‘অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স)’ পদে মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (৫-এর স্কেলে) পেতে হবে। বিশেষ শর্ত হিসেবে এসএসসি পর্যায়ে সাধারণ গণিত, উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান এবং এইচএসসি পর্যায়ে গণিত ও পদার্থবিজ্ঞানে জিপিএ ৫.০০ বা ‘এ প্লাস’ থাকা বাধ্যতামূলক। ইংরেজি মাধ্যমের (ও এবং এ লেভেল) শিক্ষার্থীদের ক্ষেত্রে গণিত ও পদার্থবিজ্ঞানে গড়ে ‘এ’ গ্রেড থাকতে হবে।
বয়সসীমার ক্ষেত্রে ২০২৬ সালের ৮ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি পাসের সনদপত্রকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, চূড়ান্তভাবে মনোনীতদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) নির্দিষ্ট মেয়াদে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত হারে স্টাইপেন্ড বা বৃত্তি পাবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর তাদের বেতন বিভাগ-৩ (টেক) অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা স্কেলে ‘এয়ারক্রাফট মেকানিক’ হিসেবে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিমানের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৬। সফলভাবে আবেদন ও নিয়োগের পর নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকা।
রিপোর্টারের নাম 

























