দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফুট এবং গুলশানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয় যে, তাঁর আগমন কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ইতিমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দুপুর ১২টা নাগাদ তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩২ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
রিপোর্টারের নাম 























