শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি এই বিষয়ে মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা অত্যন্ত সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।”
এ প্রসঙ্গে শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, “আমরা এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।”
তিনি আরও বলেন, “আমরা ‘লামছাম বরাদ্দ’ থেকে ‘শতাংশের হিসেবে’ যে উত্তরণের পথে যাচ্ছি, এটা একটা ইতিবাচক পরিবর্তন। কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল ঘোষণা হবে ইনশাল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এই প্রচেষ্টায় আমরা সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।”
রিপোর্টারের নাম 



















