অনেকটাই দিশাহীন ছিল আবাহনী লিমিটেড। শনিবার সুলেমানে দিয়াবাতে, মিরাজুল ইসলাম ও শেখ মোরসালিনের নৈপুণ্যে জয়ে ফিরেছে মারুফুল হলের দল। বাংলাদেশ ফুটবল লিগে ফকিরেরপুল ইয়ংমেন’সকে ৫-০ গোলে হারিয়েছে আকাশী নীল জার্সিধারী দল।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শনিবার প্রথমার্ধেই তিন গোলে চালকের আসনে বসে যায় আবাহনী। ফকিরেরপুলের প্রতিরোধ ভেঙে আবাহনীর গোল উৎসবের শুরু ৩২ মিনিটে। কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে প্লেসিং শটে জালে বল পাঠান গোলমুখে ফাঁকায় থাকা দিয়াবাতে।
৪ মিনিট পরই ইয়ংমেন্সের সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় বেন কুয়াত্তারার পেনাল্টি শট বাইরে দিয়ে চলে গেলে। আইভরি কোস্টের এই ফরোয়ার্ডকে বক্সে সুশান্ত ত্রিপুরা ফাউল করলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। ডান দিকে বাইলাইনের ওপর থেকে মিরাজুল ইসলামের পাস নিয়ে দেখে-শুনে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন মোহামেডান থেকে এ মৌসুমে আবাহনীতে আসা মালির এই স্ট্রাইকার।
তিন মিনিট পর গোলের খাতায় নাম তুলেন মিরাজুল। বাম দিকে আসা ক্রসে তার সাইড ভলিতে যদিও খুব একটা গতি ছিল না, বল ড্রপে ঝাঁপিয়ে পড়া গোলকিপার সাঞ্জু আহমেদকে পরাস্ত করে তা ঠিকানা খুঁজে পায়।
৭৯ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আবাহনী। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুল পাসে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন শেখ মোরসালিন। একটু পর আল আমিনের গোলে নিশ্চিত হয়ে যায় আবাহনীর চলতি লিগে দ্বিতীয় জয়।
লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ১১ পয়েন্ট নিয়ে ফর্টিস দ্বিতীয় ও ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি আছে তৃতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিগের শিরোপাধারী মোহামেডান।
রিপোর্টারের নাম 






















