কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। এ স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন। ৬০ বছর বয়স পূর্ণ হলে তাঁরা নির্ধারিত হারে পেনশন পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের কথা বিবেচনায় নিয়েই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা যেকোনো নাগরিক এ স্কিমের আওতায় আসতে পারবেন।
তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সর্বজনীন পেনশন কার্যক্রম আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীবনের শেষ সময়ে দেশের অধিকাংশ মানুষ আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা পাবেন। এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে সরকারের চলমান উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। আর দক্ষ শিক্ষক তৈরি করতে প্রয়োজন মানসম্মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে মিরপুরে এ ধরনের মাত্র একটি কলেজ রয়েছে। সরকার দেশের চারটি বিভাগে চারটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এসব কলেজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মানদণ্ড অনুসরণ করেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান প্রমুখ।

























