টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের ওপর গুরুত্বারোপ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।
এ সময় তিনি বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে পর্যটন খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
তিনি জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।























