ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে শ্রমিক লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সাথে তৈরি মশাল এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ নাশকতার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে জালিয়াতির মাধ্যমে তৈরি একটি নকল বাসও জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, বাসে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীবসহ মোট ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা নকল হানিফ পরিবহনের বাসটির মালিক এই শ্রমিক নেতা রুবেল হাওলাদার নিজেই। অভিযোগ রয়েছে, এই বাসটি ব্যবহার করেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিগত কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে পালিয়ে বেড়াত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিগত কয়েকদিন ধরে হানিফ পরিবহনের আদলে রং করা ও ভুয়া স্টিকারযুক্ত একটি বাসে চড়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মশাল মিছিল ও বাসে অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নাশকতাকারীরা বাসটি নিয়ে মহাসড়কে নাশকতার চেষ্টা চালালে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে।
তিনি আরও জানান, সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে এবং পরবর্তীতে ট্যানারি ফাঁড়ি পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্যান্য নাশকতাকারীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।























