রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী ১৫টি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থাটি আগামী ১৫ বছরে একটি বাসযোগ্য ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের আইসিসিবি গেট এলাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর উদ্বোধন শেষে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এসব কথা জানান।
ডিএনসিসির প্রশাসক বলেন, আগামী ১৫ বছরে একটি ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলস কাজ করবে। নগরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুমোদনেই ১৫ দিনের এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে ডিএনসিসির। এরই মধ্যে ৮২ হাজার গাছ রোপণ করা হয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, অচিরেই ডিএনসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ফুটপাতের শৃঙ্খলা ফেরানো, হকারদের পুনর্বাসন এবং জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নগরীর খেলার মাঠগুলো রক্ষা ও ব্যবহারের উপযোগী রাখার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতায় অবদান রাখা কর্মীদের ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।


























