গুণী নির্মাতা ও শিক্ষক জাহিদূর রহিম অঞ্জনের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধনী দিনে থাকবে আলোকচিত্র ও স্মৃতিচিহ্ন প্রদর্শনী এবং স্মরণসভা। এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত হবে তার নির্মিত বহুল প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’ (১৯৯০)। এই সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান, যিনি পরবর্তীতে বলিউডের কিংবদন্তি অভিনেতা হয়ে ওঠেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত রয়েছে। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অঞ্জনের বিভিন্ন কাজ নিয়ে চর্চা ও আলোকচিত্র প্রদর্শনী চলবে।
জাহিদূর রহিম অঞ্জনের জন্ম ১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায়। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সেখানে বসেই নির্মাণ করেন ‘মর্নিং’। পরবর্তীতে দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দীর্ঘ বিরতির পর ২০১৪ সালে তিনি নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’, যা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে প্রদর্শিত হয়। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক শাখায় সম্মাননা লাভ করেন। সবশেষ তিনি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে ‘চাঁদের অমাবস্যা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তবে সিনেমাটি মুক্তির আগেই গত বছরের ২৪ ফেব্রুয়ারি এই গুণী নির্মাতা না ফেরার দেশে পাড়ি জমান।


























