সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে জামায়াতে ইসলামীর পর এবার কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ থেকেও অব্যাহতি ও সদস্যপদ স্থগিত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের। তিনি এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা এনডিএফ থেকেও তাকে বহিষ্কার করা হয়।
এছাড়াও চলতি বছরের জুলাই মাসে সরকারি হাসপাতালে চাকরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয় তার বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদ স্বাক্ষরিতপত্রে ডা. ইসমাইল হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর জেলা কমিটির পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে যথাযথ কারণ ছাড়া বারবার সভায় অনুপস্থিত থাকা, সাংগঠনিক ঐক্য ক্ষুন্ন করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করার অভিযোগ দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে ডা. ইসমাইলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১৪ দিনের মধ্যে এনডিএফের কেন্দ্রীয় সভাপতির নিকট জবাব দেওয়ার জন্য বলা হয়।
কেন্দ্রীয় কমিটির ওই পত্রে উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেনকে সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে। এসময়ে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ বা সংগঠনের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়।
এর আগে গত ১৫ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি। এছাড়াও এনডিএফ জেলা কমিটি থেকে তাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করার পাল্টা অভিযোগ করেন তিনি।
গত ১২ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ জেলা শাখা। একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল সংক্রান্ত বিষয়েও তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা তৈরি হয়।























