নতুন সিনেমা ‘ইথা’র অনবদ্য চরিত্রের প্রয়োজনে নিজেকে উপযুক্ত করে তুলতে গিয়ে প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে এই শারীরিক পরিবর্তনই শুটিং ফ্লোরে তার জন্য বাড়তি চ্যালেঞ্জ এবং শারীরিক জটিলতা তৈরি করেছে। এমনকি কাজের শুরুতেই গুরুতর চোট পেতে হয়েছে এই তারকাকে।
সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি জানান, হুট করে ওজন বাড়ায় দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন করার সময় শ্রদ্ধার হাঁটু ও পেশিতে অস্বাভাবিক চাপ পড়ছিল। বিশেষ করে সিনেমার শেষ ভাগের একটি জটিল নাচের দৃশ্যের জন্য তাকে বেশ বেগ পেতে হয়।
পরিচালক লক্ষ্মণ উতেকর উল্টো ক্রমে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়ায় শেষ গানের দৃশ্য দিয়েই কাজ শুরু করতে হয়েছিল। শুটিংয়ের দ্বিতীয় দিন খালি পায়ে নাচতে গিয়ে চোট পান শ্রদ্ধা। প্রচণ্ড গরমে মেঝের তীব্র উত্তাপের কারণে পায়ের ত্বক ও পেশিতে টান পড়ে এ দুর্ঘটনা ঘটে।
চোট পাওয়ার পর টানা ছয় সপ্তাহ থেকে দুই মাসের দীর্ঘ বিরতি নিয়ে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হন শ্রদ্ধা। পরবর্তীতে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লাবনি ও তামাশা নৃত্যধারার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার শুটিংয়ে প্রতিবার নাচের আগে বাধ্যতামূলক ওয়ার্মআপের ব্যবস্থা রাখা হয়। সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আরও অভিনয় করছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব।

























