ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বর্ষণের জেরে একটি সোনার খনিতে পানি ঢুকে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ২৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে বুধবার স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, সোমবার টানা বৃষ্টির ফলে পার্শ্ববর্তী নদীর পানি উপচে জাভার বোগোর জেলায় অবস্থিত একটি অবৈধ উন্মুক্ত স্বর্ণখনিতে ঢুকে পড়ে। পরে খবর পেয়ে উদ্ধারকারী দল অভিযান শুরু করে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি জানান, বুধবার বিকেল পর্যন্ত খনির ‘এ’ পিট নামের প্রায় ৩০ থেকে ৪০ মিটার গভীর একটি গর্ত থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ২৩ জন শ্রমিককে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানান, খনিতে পানি ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মঙ্গলবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর পুরোদমে উদ্ধার কাজ শুরু হয়। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার খনিসমৃদ্ধ দেশটিতে অবৈধ খনিগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

























