দেশের সমগ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি জোর দিয়ে বলেন, শিল্পকারখানায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ব্যবসায়ী সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা আবশ্যক। দেশের উন্নয়ন বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। তবে দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় লজিস্টিক ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ ধরে রাখতে ব্যবসাবান্ধব এবং সুরক্ষিত পরিবেশ তৈরি করা জরুরি। তিনি মহাসড়কে পণ্য পরিবহনকালে যেকোনো হয়রানি বন্ধে বিশেষ হটলাইন চালু এবং সাইবার ক্রাইম ইউনিটকে আধুনিকায়নের তাগিদ দেন।
বৈঠকে ঢাকা চেম্বারের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























