প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। ২০০৬ সালে চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ দিয়ে বন্দরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরের বছর নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দুটি জেটিতে কনটেইনার হ্যান্ডলিং শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে এনসিটির চারটি জেটি পরিচালনার দায়িত্বও পায় তারা।
দীর্ঘদিন সিসিটি ও এনসিটি দুটি টার্মিনাল পরিচালনার মাধ্যমে বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় প্রভাবশালী অবস্থান তৈরি করে সাইফ পাওয়ারটেক। তবে সেই অবস্থানের অবসান ঘটেছে। ২০২৫ সালের জুলাইয়ে এনসিটির পরিচালনার দায়িত্ব হারানোর পর এবার সিসিটিও হাতছাড়া হয়েছে প্রতিষ্ঠানটির। গত ২৪ নভেম্বর মধ্যরাত থেকে সিসিটির পরিচালনার দায়িত্ব নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের প্রায় দুই দশকের যাত্রার অবসান ঘটল।
এনসিটি ও সিসিটির দায়িত্ব হারানোর বিষয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন জানিয়েছেন, এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। সেটাই চূড়ান্ত করেছে। এক্ষেত্রে আমরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। সিসিটির ব্যাপারে আমাদের বক্তব্য হলো, এটির যে দরপত্র হয়েছে, সেটা আমরা জানতে পারিনি। মেয়াদ শেষ হওয়ার আগের দিন জানতে পেরেছি। সর্বোপরি সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
দুই দশকের টার্মিনাল পরিচালনায় নিজেদের অর্জনের বিষয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত টার্মিনাল অপারেটর হিসেবে স্বীকৃতি পেয়েছি। ২৫ মিলিয়ন কনটেইনার হ্যান্ডলিংয়ের আন্তর্জাতিক রেকর্ড আমাদের রয়েছে। এই অভিজ্ঞতা নিয়ে দেশের বাইরে যেকোনো জায়গায় টার্মিনাল পরিচালনার জন্য আমরা এখন প্রস্তুত। এটি আমাদের বড় প্রাপ্তি।
ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনার সুযোগ এলে সাইফ পাওয়ারটেক আবারও অংশ নেবে জানিয়ে তরফদার মো. রুহুল আমিন বলেন, সামনে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল পরিচালনার সুযোগ এলে সেখানে অবশ্যই আমরা অংশগ্রহণের চেষ্টা করব।
বন্দর সূত্রে জানা গেছে, ২০০৪ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চারটি কিউজিসি (কোয়েসাইড গ্যান্ট্রি ক্রেন) ও পাঁচটি আরটিজি (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনের মেরামত, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ পায় সাইফ পাওয়ারটেক। ২০০৬ সালে চারটি কিউজিসি ক্রেন পরিচালনা এবং জাহাজ থেকে কনটেইনার নামানো ও ইয়ার্ডে নেওয়ার কাজের চুক্তি পায় প্রতিষ্ঠানটি। ওই বছরের ৫ আগস্ট সিসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু করে তারা। পরবর্তী সময়ে ২০০৭ সালের ৭ মার্চ সিসিটির সমন্বিত পরিচালনার দায়িত্ব নেয় সাইফ পাওয়ারটেক।
এর ধারাবাহিকতায় ২০০৭ সালের মে মাসে এনসিটির দুটি জেটিতে কনটেইনার হ্যান্ডলিং শুরু করে প্রতিষ্ঠানটি। এনসিটির পরিচালনা নিয়ে দীর্ঘদিন দরপত্র ও আইনি জটিলতা চলার পর ২০১৫ সালে বন্


























