বিশ্ববাজারে আরও হ্রাস পেয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে এই পতন ঘটেছে। এর আগের দিনও সোনার দাম দুই শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতি ডেটার দিকে।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের ফিউচার বাজারে সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারকদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এর ফলে আগামী ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৯৬ শতাংশের বেশি।
অর্থনীতিবিদদের মতে, সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো নন-ইল্ডিং অ্যাসেট বা মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। বিনিয়োগকারীরা তখন সুদভিত্তিক নিরাপদ সম্পديর দিকে ঝুঁকে পড়েন, যার ফলে সোনার বাজারে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়।
এদিকে বাজার সংশ্লিষ্টরা এখন মার্কিন ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি মূল্যায়নে এই সূচকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকও মুদ্রানীতি নির্ধারণে এই ডেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দরও কিছুটা নিম্নমুখী রয়েছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্ট হয়েছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্টে নেমেছে।

























