শিক্ষক ও শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেন সহজতর করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। এর ফলে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাস প্রাঙ্গণেই বিকাশের সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পাসকে পুরোপুরি ক্যাশলেস করার লক্ষ্যে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের বিল পরিশোধের সুবিধা দিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এখান থেকে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেভিংস, পিন রিসেটসহ নানাবিধ সেবা পাবেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগটি অত্যন্ত কার্যকর। এটি শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে আরও অভ্যস্ত করে তুলবে।
বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কার্যকর সমাধান দেওয়াই আমাদের লক্ষ্য। এই ক্যাশলেস ক্যাম্পাসের উদ্যোগটি একটি অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ।


























