আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকার ঢাকা শেরাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’। ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সিম্পোজিয়ামে অংশ নেবেন আইএসটিকিউবি (ISTQB)-এর গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (BSTB) আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, সিআইও, সিটিও এবং নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। আয়োজকদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করা এবং দেশের আইটি খাতের রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
২৪ নভেম্বর ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিম্পোজিয়ামের আহবায়ক ড. কেএম হাসান রিপন জানান, অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের মাস্টারক্লাস ও সার্টিফিকেশনের সুযোগ পাবেন। সম্মেলনে বিএসটিবি প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























