কাঁধে ভ্যানিটি ব্যাগ আর হাতে পাত্র-পাত্রীর জীবনবৃত্তান্ত নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলেন এশরা বেগম। উদ্দেশ্য—দুটি পরিবারের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ তৈরি করা। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকার বাসিন্দা এশরা বেগম পেশায় একজন ঘটক। দীর্ঘ ২৮ বছর ধরে অন্যদের সংসার গুছিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন তিনি। কর্মজীবনে প্রায় আট শতাধিক তরুণ-তরুণীর বিবাহসম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছেন এই নারী।
তবে দীর্ঘদিনের এই পেশায় আয়ের কোনো নিশ্চয়তা নেই। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কমেছে প্রথাগত ঘটকালির চাহিদাও। প্রায় চার শতাধিক বিয়ে সফলভাবে সম্পন্ন করা এশরা বেগমের নিজের সংসারে রয়ে গেছে চরম অভাব-অনটন। টিনের জরাজীর্ণ বাড়িতে অসুস্থ স্বামী আলিমুদ্দিনকে নিয়ে বাস করেন তিনি। স্বামীর ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে সংসারের পুরো চাপই এসে পড়ে এশরার কাঁধে।
নিজের অভিজ্ঞতা ও কষ্টের কথা জানিয়ে এশরা বেগম বলেন, “এখনকার যুগের ছেলে-মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে ফেলে, তাই ঘটকের চাহিদা কমে গেছে। আগে মানুষ পাত্র-পাত্রীর খোঁজে আমার বাড়ি আসত, আর এখন সিভির ব্যাগ নিয়ে আমাকেই মানুষের দুয়ারে ঘুরতে হয়।” জীবনের এই শেষ প্রান্তে এসে চরম কষ্টে দিন পার করা এশরা বেগমের সহায়তায় বিত্তবান ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


























