বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা আল আমিন জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অব্যাহতি পাওয়া আল আমিন জন বগুড়া শহর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় ধূমপানের দৃশ্য ভিডিও করা কেন্দ্র করে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরুল ইসলাম গালিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গালিবের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত গালিবের মা বাদী হয়ে যুবদল নেতা জন ও তার ভাইসহ চারজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়লে দ্রুত আসামিদের গ্রেফতার ও সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন। এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গালিব হত্যা মামলার প্রধান আসামি মিশুকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

























