চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় অত্যাধুনিক প্রযুক্তিতে ইয়াবা তৈরির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহভাজন হিসেবে আকিবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানাটি শনাক্ত করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের স্লাইড ক্যালিপার্স। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তরুণ ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন এবং নারায়ণগঞ্জ থেকে মেশিনটি সংগ্রহ করেছিলেন। উদ্ধারকৃত মেশিনের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

























