দিনাজপুরের হিলি উপজেলায় নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পাওয়া থেকে এখনো বঞ্চিত রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন বেতন কাঠামোর সুবিধা পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো সুবিধা না পাওয়ায় তাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকদের অনলাইনে ‘আইবাস++’ পদ্ধতিতে পে-ফিক্সেশন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র ও হালনাগাদ সার্ভিস বুক উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। এরপর যাচাই-বাছাই শেষে ইএফটির মাধ্যমে বেতন ছাড় করা হয়। তবে সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করার পরও দাপ্তরিক জটিলতার কারণে অধিকাংশ শিক্ষক সুবিধা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষকদের দাবি, দ্রুত কাজ শেষ করতে সাপ্তাহিক ছুটির দিনে হিসাবরক্ষণ কার্যালয় খোলা রাখার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। যার ফলে নির্ধারিত সময়ে বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করা যায়নি। তবে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোতালেব আলম দাবি করেন, দিন দশেক আগেই উপজেলার সব শিক্ষক নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন।
অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, যথাসময়ে সার্ভিস বুক জমা না পড়ায় সবার বেতন নতুন স্কেলে নির্ধারণ করা সম্ভব হয়নি। যাদের কাগজপত্র পাওয়া গেছে তাদের অনেকেই সুবিধা পেয়েছেন। প্রাথমিক শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ কার্যালয়ের এমন পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিক্ষকরা বকেয়াসহ নতুন স্কেলের সুবিধা দ্রুত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


























