চলতি বছরে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত খরচের চেয়ে বেশি অর্থ আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন এবং পরবর্তীতে আরও ৫৫৮ জন কর্মী পাঠানোর চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি। সরকারি এই উদ্যোগের ফলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।


























