দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, ভূরাজনৈতিক অস্থিরতা, জাহাজ পরিবহন ব্যয় এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে দায়ী করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের এলপিজির দামের তুলনা না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, দুই দেশের বাজারব্যবস্থা ও সরকারি ভর্তুকির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
১০ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলপিজির মূল্যবৃদ্ধির কারণ ও বাজারের বাস্তবতা তুলে ধরে সংগঠনটি। এতে লোয়াব-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার জানান, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।
সংগঠনটি জানায়, প্রতি মাসের শুরুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইসের ভিত্তিতে এলপিজির দাম নির্ধারণ করে। একটি ১২ কেজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস আমদানির ওপর। ২০২৬ সালে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ২১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে দেশের খুচরা বাজারে।

























