নভেম্বর মাসে পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছেন বেশ কয়েকজন সরবরাহকারী। এই সরবরাহকারীদের সঙ্গে বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের যোগসাজশ থাকার বিষয়টি সামনে আসায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন সংকটময় মুহূর্তে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়া নিছক কাকতালীয় নয়, বরং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তারেক রহমান সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিবাদী দোসররা সক্রিয় কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহ বাতিল করা হলেও, বিতর্কিত সেই কোম্পানিকেই বাড়তি দরে ডিজেল ও জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) প্রিমিয়ামের হার অস্বাভাবিক বেশি হওয়ায় সরকারকে কয়েকশ কোটি টাকা বাড়তি গুনতে হবে। অথচ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগের নির্দেশনা অনুযায়ী, কম প্রিমিয়ামের প্রস্তাবগুলোই গ্রহণ করার কথা ছিল।
অভিযোগ রয়েছে, বিগত ১৭ বছরে প্রভাবশালী হয়ে ওঠা ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠান ‘সেভেন মার্ক’ এবং ‘ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেড’ বিপিসিকে এক প্রকার জিম্মি করে ফেলেছে। বিপিসির তালিকাভুক্ত অনেক আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকাল এজেন্ট হিসেবে কাজ করা এই ব্যবসায়ীর সংশ্লিষ্টতা নভেম্বরের তেল সরবরাহ সংকটের সঙ্গে সরাসরি যুক্ত বলে ধারণা করা হচ্ছে।


























