বলিউডে নতুন বহু তারকাকে সুযোগ করে দিয়েছেন খ্যাতনামা নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে একাধিক অভিনয়শিল্পীর। তবে নিজের সন্তানদের রূপালী পর্দায় দেখতে চান না এই প্রযোজক। সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সন্তানদের বড় করে তোলা এবং বিনোদনজগতে অভিভাবকত্বের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন করণ।
করণ জানান, তিনি সন্তানদের এই পেশায় আসতে নিরুষৎসাহিত করেন। কারণ, তারা যখন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার বয়সে পৌঁছাবে, তখন তাদের সুরক্ষায় পাশে থাকার মতো বয়স বা শারীরিক সক্ষমতা তার না-ও থাকতে পারে।
এ বিষয়ে করণ বলেন, ‘আমি আমার ছেলেমেয়েদের এই পেশায় আসতে নিষেধ করি। অনেকে আমাকে প্রশ্ন করেন, কেন এমন সিদ্ধান্ত নিলাম? আমি শুধু ভাবি, তারা যখন এই জগতে আসবে, তখন হয়তো তাদের আগলে রাখার মতো বয়স বা ক্ষমতা আমার থাকবে না।’
উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ ও রুহির বাবা হন করণ জোহর। প্রয়াত বাবা যশ জোহরের নামানুসারে ছেলের এবং মা হিরু জোহরের নামের অক্ষর অদলবদল করে মেয়ের নাম রাখা হয়।

























