মক্কেলের আর্থিক সামর্থ্যের বিষয়টিকে প্রধান না ভেবে দায়িত্বশীলতার জায়গা থেকে আইনি সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ওকালতি পেশায় শর্টকাটে দ্রুত টাকা উপার্জনের পথ খুঁজলে কখনোই ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। ভালো ও সফল আইনজীবী হতে গেলে পরিশ্রমী ও সৎ হতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের বিষয়টি বিবেচনায় রাখলে চলবে না। বরং একজন প্রকৃত আইনজীবীর মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায়বিচার নিশ্চিত করা। পেশাগত জায়গায় মানবিক আচরণ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, সব কাজ টাকার বিনিময়ে হয় না। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় বিনামূল্যে আইনি সহায়তা ও লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনার জন্য আইনজীবীদের এগিয়ে আসতে হবে।
নতুন প্রজন্মকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে মো. আসাদুজ্জামান বলেন, আগামী দিনের জেনজি বা তরুণ প্রজন্ম বাংলাদেশকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতে তৈরি পথটিই হবে মসৃণ ও প্রগতিশীল।

























