বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। বিশেষ করে নতুন প্রেমের গুঞ্জন ঘিরে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে হাজির হয়েছেন এই অভিনেত্রী। তবে অনুষ্ঠানে ফটোশুটের সময় আলাদা পোজ দেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে একাই পোজ দেন মালাইকা। তবে অনুষ্ঠান শেষে কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গেই একই গাড়িতে বের হতে দেখা যায় তাকে।
অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় হর্ষ উপস্থিত আলোকচিত্রীদের অভিবাদন জানান। অনুষ্ঠানে মালাইকার পরনে ছিল সাদা শার্টের সঙ্গে গোলাপি ও সাদা রঙের লেহেঙ্গা, যা সবার নজর কেড়েছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরের উপস্থিতি। তবে একই পার্টিতে থাকলেও তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে কি না, তা জানা যায়নি।
ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা একজন হীরা ব্যবসায়ী। ২০২৫ সালের অক্টোবরে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাদের একসঙ্গে দেখার পর থেকেই মালাইকার নতুন সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।
























