জামালপুর শহরে ডাব চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়ায় আত্মরক্ষার্থে একটি নারিকেল গাছের মগডালে উঠে আটকা পড়েন এক যুবক। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নিচে নেমে আসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর পৌরসভার টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক ডাব চুরি করার উদ্দেশ্যে গাছে ওঠার সময় স্থানীয়দের নজরে পড়েন। এলাকাবাসী ধাওয়া দিলে তিনি দ্রুত ডাবগাছের একেবারে ডগায় উঠে অবস্থান নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি নিচে নামতে অস্বীকৃতি জানালে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে অক্ষত অবস্থায় নামিয়ে আনার চেষ্টা করেন। অনেক বুঝিয়ে এবং নানা কৌশলে আশ্বস্ত করা সত্ত্বেও তিনি গ্রেফতারের ভয়ে নামতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে তিনি স্বেচ্ছায় নিচে নেমে আসেন।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, ‘গাছে যুবক আটকা পড়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। নিচে নামলেই পুলিশ আটক করবে—এমন আতঙ্কে তিনি নামছিলেন না। দীর্ঘ সময় পর তিনি নিচে নেমে এলে তাকে কাউন্সেলিং করে স্বজনদের দায়িত্বে ছেড়ে দেওয়া হয়।’

























