জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এ শোভাযাত্রায় পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রাটি রাজধানীর কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। দিবসটি উপলক্ষে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।
সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ওপর জোর দেন তিনি।
























