ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে সিমেন্ট ও কংক্রিটের ব্লক বসানোর কাজ শুরু হয়েছে। তবে বাংলাদেশের অংশে বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ এখনো অসম্পূর্ণ থাকায় নদীভাঙন ও বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের দাবি, দ্রুত বাংলাদেশের বাঁধ টেকসই করা না হলে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়বে।
শুক্রবার সকালে ভারতের বিলোনিয়া সংলগ্ন আমজাদনগরে কাজ শুরুর খবর ছড়িয়ে পড়লে উত্তর কোলাপাড়ার খিলপাড়া এলাকায় স্থানীয়রা জড়ো হয়ে দ্রুত সংস্কারের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে উত্তর কোলাপাড়ায় বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরি করা হলেও বিএসএফের বাধার মুখে তা থমকে যায়। পরবর্তীতে ২০২৪ সালে বল্লামুখা বেড়িবাঁধে ভাঙন দেখা দিলে ওই ব্লকের কিছু অংশ সেখানে স্থানান্তর করা হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর আমজাদনগরে ২ দশমিক ৩ কিলোমিটার এবং বাংলাদেশের উত্তর কোলাপাড়ায় ২৫০ মিটার বাঁধ সংস্কারে উভয়পক্ষ সম্মত হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ২৫০ মিটার বরাদ্দ পেলেও কাজ শেষ হয়নি এবং আরও প্রায় ২০০ মিটার মেরামত করা জরুরি। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন জানান, ভারতের বাঁধ বাংলাদেশের তুলনায় উঁচু ও টেকসই হওয়ায় ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
























