এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্যকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধানদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
শুক্রবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে যে, ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





















