দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পারাপারের সময় মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও চৌঠা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মোট ৯০৬ বোতল সিরাপ জব্দ করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই সিরাপের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

























