বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে মামলায় তৃতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো।
মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, পরিকল্পনাকারীদের শনাক্তকরণ ও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার স্বপক্ষে যুক্তি তুলে ধরে জানান, হত্যাকাণ্ডের শিকার তাহসিফের সঙ্গে ঘটনার দিন আসামি দীপ ও অপর সন্দেহভাজন দিশা উপস্থিত ছিলেন। এ ছাড়া শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার ভিডিও চিত্রধারণ কেন্দ্র করে কোনো শত্রুতা তৈরি হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান প্রসিকিউশন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুরের আবেদন জানিয়ে দাবি করেন, ভিডিও ধারণের বিষয়টি সত্য নয় এবং তার মক্কেল নির্দোষ।
মামলার এজাহার ও সিসিটিভি ফুটেজের বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নেন দীপ। পরে অন্য এক বান্ধবীসহ তারা বিভিন্ন স্থানে ঘুরে রাতে বারে সময় কাটান। এরপর গভীর রাতে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন তুরাগ নদীর তীরবর্তী নির্জন স্থানে তাহসিফকে নিয়ে যাওয়া হয়, যেখানে পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়। একই মামলায় অপর আসামি জেরিকা তাসনিম দিশাও বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।


























