গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডে আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৫৫ শতাংশ দগ্ধ হওয়া আহাদের অবস্থা আশঙ্কাজনক।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, প্রাথমিক তদন্তে সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


























