ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদার) রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদী আন্দোলনের সময় সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, শ্রমিক তৌফিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভিপি সাদিক কায়েম সরকারের পদত্যাগ দাবি করে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত। রাশেদ খাঁন প্রশ্ন তুলে বলেন, শ্রমিক হত্যার পেছনে সরকারের সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ থাকলে তা প্রকাশ করা হচ্ছে না কেন? নাকি অতীতে ছাত্রলীগ করার টান তিনি এখনো ভুলতে পারেননি?
রাশেদ খাঁন আরও লেখেন, “আমরা যখন ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে আন্দোলন করেছি, তখন এই সাদিক কায়েমরা ছাত্রলীগের সাদ্দামের নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছে। তারা এখন ভুয়া ন্যারেটিভ তৈরি করে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সরকার সঠিক ও সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে সক্ষম হওয়ায় একটি গোষ্ঠী হতাশ হয়েছে। তিনি দেশপ্রেমিক জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
























