কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।
উপজেলার গচিহাটা বাজারে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, রাতে গচিহাটা বাজারে অবস্থানকালে শাহরিয়ারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি বর্তমানে চিকিৎসা সহায়তার জন্য ঢাকায় অবস্থান করছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, আঘাতপ্রাপ্ত শাহরিয়ার জামানের শরীরে গভীর ক্ষত রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পেছনে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























