চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিকবেশে অংশ নিয়ে সহিংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন লেখেন, ‘হেলমেট পরে যারা নেমেছে, তাদের বডি ফিটনেস ও পোশাক দেখে কি শ্রমিক মনে হয়? শ্রমিকবেশে মূলতঃ আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ।’
সম্প্রতি গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে হামলায় গুরুতর আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই নিহতের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, কোনো সাধারণ খেটে খাওয়া শ্রমিক এ ধরনের হিংসাত্মক তাণ্ডব চালাতে পারে না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে নাশকতা চালানো হচ্ছে।






















