আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।
বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।
তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
অধিদফতর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এডিজি রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভর্তি নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী নতুন তারিখ জানানো হবে।






















