রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে এক বিশেষ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, নজরুলকে যত বেশি আনুষ্ঠানিকতা ও ক্ষমতাবানদের পরিমণ্ডলে আবদ্ধ করা হবে, ততই তিনি জনমানস থেকে দূরে সরে যাবেন। নজরুলকে জনমানুষের কাছে ফিরিয়ে নিতে হবে। তাঁকে ধূমকেতুর মতো, গণবাহিনীর অংশ হিসেবে কিংবা সর্বহারার প্রতিনিধি হিসেবে দেখতে হবে। অগ্নিবীণার চেতনার মধ্যে তাঁকে উপলব্ধি করতে পারলেই কেবল প্রকৃত নজরুলকে বোঝা সম্ভব হবে। এ কারণে নজরুলকে রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে রাখার ওপর জোর দেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


























