বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) উপলক্ষ্যে আয়োজিত বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাতকালে তিনি এই আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উভয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের শক্তিশালী বাণিজ্যিক উপস্থিতি, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং জাতীয় পতাকাবাহী সংস্থার জন্য এয়ারবাস কেনার বিষয়ে হওয়া চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকে জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের মন্ত্রী।
এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি ভবিষ্যতে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে অব্যাহত মানবিক সহায়তার জোরালো আশ্বাস দিয়েছেন।






















